Friday, 26 February 2016

ম্লান সন্ধ্যার কথকতা



ম্লান সন্ধ্যার কথকতা  
-মলয়কান্তি দে 
সরুপাথারে আমি কখনও যাই নি। সরুপাথার কোথায়, কি করে সেখানে যেতে হয় জানতাম না। অতনুর মুখেই শুধু সরুপাথারের গল্প শুনতাম। অতনু সিংহ, আমার কলেজ জীবনের বন্ধু। কলেজ জীবনের, আর তার পরেরও। অতনু খুব সরুপাথারের গল্প বলত। এক গল্প অনেক বার বলত। বার বার বলত। শুনে শুনে ওই জায়গা আর তার কিছু কিছু মানুষ জনের সমস্ত খুঁটি নাটি আমার মুখস্থ হয়ে গিয়েছিল। কিন্তু এর পরেও যখন আবার সে ওই একই গল্প শুরু করত, আমি ওকে থামাতে পারতাম না। কারণ সরুপাথারের গল্প বলার সময় অতনুর মুখটা কেমন বাচ্চাদের মত হয়ে যেত, কেমন যেন উৎসুক, মুগ্ধ আর  কেমন যেন টলটলে। চোখে একটা ঘোর নেমে আসত। গলার স্বর পাল্টে যেত। আমি হা করে তাকিয়ে থাকতাম ওর দিকে। ওর এই ঘোর ভাঙাবার চেষ্টা করতাম না। দু একবার ওকে থামাতে চেয়েছি, বলতে চেয়েছি, এ গল্প আর বলতে হবে না, এর দাড়ি কমা আমার জানা হয়ে গেছে। কিন্তু বলতে পারি নি। আমার মনে হত আমি কিছু বললেও ও তখন শুনতে পাবে না। আমি তাই নিরস্ত হয়ে শুনে যেতাম সেই একই গল্প বার বার। পরে, ওর ঘোর ভাঙ্গলে কখনও জিজ্ঞেস করেছি, এক গল্প বার বার বলিস কেন? ও উত্তর দিয়েছে, লোকে এক গান বারবার গায় কেন? এক গান বারবার শোনে কেন? অতনু বলত সরুপাথারে ওর মামার বাড়ির কথা, ওর এক পিসতুতো বোনের শ্বশুরবাড়ির কথা, সেই জামাইবাবুর কথা, একজন কুল-পুরোহিতের কথা। আরও নানা আত্মীয়-অনাত্মীয় পরিচিতদের কথা। সেই সঙ্গে আরেকজনের কথাও বলত, হঠাৎ কোনও দিন। খুব একটা খুলে বলতো না। টুকরো টুকরো। খাপছাড়া। সেই সব টুকরো জুড়ে দিয়ে আমি কোনও পুরো ছবি পাই নি, কারণ ওই টুকরো গুলোর মাঝখানে অনেক কুয়াশা থাকত, নেড়ার আগুনের ধোঁয়া থাকত, গাছপালার আড়াল থাকত। শীতের শান্ত পুকুরের জলে ইট রঙের সর থাকত।
আমি আর অতনু দুজনেই আলাদা আলাদা অফিসে ছোট ছোটো চাকরি করি। সন্ধ্যাবেলা আমরা দুজনেই আমাদের নিজের নিজের ঘরে ফিরি। হাত মুখ ধুয়ে চা খেয়ে আবার দুজনেই বেরোই। তারপর আমাদের কোথাও দেখা হয়ে যায়। আমাদের এই ছোট শহরে সকলের সঙ্গেই সকলের দেখা হয়ে যায়। সবাই সবাইকে খুঁজে পায়। তারপর আমরা একসঙ্গে হাঁটতে হাঁটতে চলে যাই কোনও দিন রেল লাইন ধরে অনেক দূর। কিছুক্ষণ বসি ঘাসের ওপর। সামনে বিস্তৃত ধানক্ষেতের ওপর মরা জ্যোৎস্না কাত হয়ে শুয়ে থাকে। আমরা গল্প করি অনেকক্ষণ। তার পরে রেললাইন ধরে ফিরে আসি। আবার কোনও দিন চলে যাই উদয়নের চায়ের গুমটিতে। একটা পাকা কালভার্টের পাশে ওর গুমটি। কালভার্টের দু পাশ উঁচু করে বাঁধানো। সেখানে বসা যায়। রাস্তার পাশে অনেকগুলো কংক্রিটের পাইপ ফেলে রাখা আছে, তার উপরেও বসা যায়। এমন কি ফুটপাতেও বসা যায় কাগজ পেতে। উদয়নের গুমটির চালার তলায় দুটো নড়বড়ে কাঠের বেঞ্চি রাখা আছে। আমরা সেখানে বসি না। ওটা ভাল খদ্দেরদের জন্যে। ভাল বলতে একটু যারা পয়সা-ওলা, ভদ্র গোছের। ওরা আসে, চায়ের সঙ্গে বিস্কুট খায়। ওদের জন্যে বেশী দামের স্পেশাল চা বানায় উদয়ন। ওরা চা খেয়ে চলে যায়। বসে না বেশীক্ষণ। আমরা তো বসব ঘণ্টার পর ঘণ্টা, চা খাব একবার কি বড়জোর দু-বার। আমরা ওই বেঞ্চ দখল করে নিলে উদয়নের ভাল খদ্দেররা আর আসবে না। আর তাছাড়া আমাদের গল্প গুজব আর কেউ কান পেতে শুনুক তা-ও আমরা চাই না। তাই আমরা একটু ফাঁকায় বসি। মশা কামড়ায়। গরমের দিনে কংক্রিট গরম হয়ে থাকে। আমরা সেসব সহ্য করে নিই। তবে বৃষ্টি বাদলায় উদয়নের খদ্দের কমে গেলে আমরা গুমটির ডালার নীচে চলে আসি। কাঠের বেঞ্চে বসে গল্প করি। একমাত্র খদ্দের এই আমরা দুজনের জন্য উদয়ন ওর কয়লার উনুন জ্বালিয়ে রাখে। সে সব দিনে উদয়নও আমদের সঙ্গে গল্পে যোগ দেয়। আমাদের মত ওর গল্পেও মরা জ্যোৎস্না কাত হয়ে পড়ে থাকে। বাড়ি ফেরার খুব তাড়া থাকে না ওর। কোনোদিন আমরা রেলস্টেশনে চলে যাই। ওখানে ওভারব্রিজের রেলিঙে বসে গল্প করা যায়, চা খাবার কোনও বাধ্যবাধকতা থাকে না। এরকম অনেক জায়গা আছে আমাদের গল্প করার। তবে মাঝে মাঝে তেমন তেমন দিনে আমরা বাবুলদার চালাঘরে চলে যাই। বাবুলদার বাঁশের চালাঘরটা রেলওয়ে সাইডিঙের পাশে। চারদিকে মুটে-মজুরদের ভিড় আর রেললাইন আর মালগাড়ী চলার ঘটাংঘট। লাইনের ওপর সারি সারি রেলের ওয়াগন থাকে। কিছু খালি, কিছু মালবোঝাই। বাবুলদার চালাঘরের সামনের দিকে একটা কয়লার উনুনে চায়ের কেটলি  চাপানো থাকে। কিন্তু উনুনে আঁচ থাকে না। দিনের বেলা চা বিস্কুট পাউরুটি আর ঘুগনি বেচে বাবুলদা। সন্ধ্যার পর না জেনে কেউ গিয়ে চা চাইলে বাবুলদা এটা ওটা বলে কাটিয়ে দেয়। কখনও বলে দুধ নেই, কখনও চিনি-চাপাতা শেষ হয়ে গেছে। আর যারা জানে, তারা সোজা ভেতরে ঢুকে যায়। চেনা খদ্দের সব। বাবুলদার চালায় অনেক খোপ করা আছে। বাঁশের বেড়ার আড়াল দিয়ে দিয়ে। গলার আওয়াজ বের না করে ওখানে বাপ-ছেলে একসঙ্গে বসে মদ খেতে পারে। কেউ কাউকে দেখতে পাবে না। বাবুলদা লোক দেখে দেখে সবাইকে মাপ মত খোপে ঢুকিয়ে দেয়। ভেতরে গিয়ে সবাই চেনা মুখ পেয়ে যায়।
বাবুলদা আমাদের বন্ধু লোক। কমরেড লোক। একসময় আমরা একসঙ্গে পার্টী করতাম। বিপ্লবের কথা বলতাম। এখন আমরা পার্টী করি না। বিপ্লবের কথা বলি না। তবু পুরনো খাতিরে আমরা গেলে বাবুলদা আমাদের আলাদা একটা আড়ালে বসতে দেয়। আমরা সেদিন বসে বসে মদ খাই। কখনও কখনও আমরা টুকটাক কথাও বলি। কখনও আমরা কেউ কোনও কথা বলি না। চুপচাপ বসে মদ খাই শুধু। আসলে সেসব দিনে আমাদের খুব মন খারাপ থাকে। আমাদের যে কোনও একজনের মন খারাপ থাকলে অন্যজনও তখন মন খারাপ করে নিয়ে একে অন্যকে মনখারাপের সঙ্গ দিই।
আমাদের এই প্রত্যেক দিনের গল্পে নতুন কথা কিছুই থাকে না। আমাদের অনেক অনেক না পাওয়ার গল্প সব বলে যাই একে অপরকে। অনেক অপমানের গল্প। স্কুলের স্যারের কাছে মার খাওয়ার গল্প, পাড়ার কাকুর কাছে কানমলা খাওয়ার গল্প, ভালবাসার মেয়েদের সামনে চটি ছিঁড়ে যাবার গল্প। আমাদের পাশের বাড়িতে চুরি হলে পুলিশ এসে আমাকে সন্দেহ করে নানান প্রশ্ন জিজ্ঞেস করেছিল, কাঁচা মাটিতে আমাকে লাফাতে বলেছিল আর সেই পায়ের ছাপের গর্তে গলানো মোম ফেলে আমার পায়ের ছাপ উঠিয়ে নিয়েছিল, তার গল্প। আমার ছোট বেলার গল্পে জাঁক করার কিছু নেই। মজার কিছু নেই। যা আছে তা-ই বলি। লজ্জার কথা সব। হেরে যাওয়ার গল্প সব। তবু সেসব বলে বলে আমি খুব হাসি। আমি হাসলে অতনুও হাসে। কেন যে সেসব গল্পে অতো হাসি পায়, বুঝি না। অতনুর ছোটবেলার গল্প গুলোও অনেকটাই আমার মত। ওর গল্পেও আমরা দুজনে খুব হাসি। কখনও কখনও বড় হয়ে যাবার পরের গল্পও বলি। যখন ওর সাথে আমার দেখা হয়ে গিয়েছে, যখন আমরা পরস্পরের বন্ধু হয়ে গিয়েছি, যখন আমাদের গল্পগুলোও সব এক হয়ে গেছে, তখনকার গল্পও বলি। একজনের গল্পের ফাঁক অন্যজন ধরিয়ে দিই। আর দুজনে মিলে হাসি। এরই মধ্যে হঠাৎ একেকদিন অতনু শুরু করে দেয় ওর সরুপাথারের গল্প।
কখনও অতনু ওর মামাদের কথা বলে। ওই মামাদের কারও নাকি স্থায়ী কোনও রোজগার নেই। কে যে কী করে, আর ক’দিন সেটা করে তা অতনুও বলতে পারে না। এক মামার কথা বলে, যিনি একটা চাকরি পেয়েছিলেন, সরকারী চাকরী। কিন্তু থাকতে হবে প্রায় একশো কিলোমিটার দূরের অন্য শহরে। মামা এক সপ্তাহ চাকরি করে ফিরে এলো। অতো দূরে নাকি থাকতে পারবে না। সেই মামা এখন আর কিছুই করে না। যাত্রাপালার পোকা। তা-ই করে বেড়ায়। ওর ছোট মামার না কি খুব চাকরি করার শখ ছিল। সব সময় খালি দুঃখ করে, জানিস, তিন তিনটে ইন্টারভিউর কল পেলাম। একটা না একটা নির্ঘাত হয়ে যেত। কিন্তু কল লেটারগুলো এসে পৌঁছাতে পৌঁছাতে ইন্টারভিউর তারিখ পেরিয়ে যেত। নইলে আমি পাহাড় জঙ্গলে গিয়েও চাকরি করতে রাজী ছিলাম। এই রকমই সব। সবাই বিয়ে তা করেছে, সংসার করছে, বাচ্চাকাচ্চা আছে। খেতের চাল আছে, ভাতের অভাব নেই। ব্যাস।
বারান্দার একপাশে ছিল দিদিমার ঘর। মামাবাড়ি গিয়ে যখনই পৌঁছাক, অতনুর তাড়া থাকত, কখন দিদিমার ঘরে যাবে। দিদিমার ঘরে গেলে দিদিমা খুব আদর করে ওর গালে-মুখে হাত বুলিয়ে দিত। দিদিমার আঙুল নাকি ছিল খুব ঠাণ্ডা আর খরখরে। তবু খুব ভাল লাগত ওই হাত বুলিয়ে দেওয়া। একটু পরে কষ্ট করে উঠে দাঁড়িয়ে, তাকের ওপর থেকে একটা বড় কাচের বৈয়াম সাবধানে নামিয়ে আনত দিদিমা। তার থেকে বের করে একটা নারকোলের নাড়ু দিত অতনুর হাতে। অতনু বলে, এখন তো কতই খাই। সেই ভাল লাগাটা আর ফিরে পাই না। একেকবার মামাবাড়ি গেলে দশ বারো দিন থাকতাম। নারকোলের নাড়ু কিন্তু বরাদ্ধ ছিল প্রতিবারে ওই একটাই। পরের বার গেলে তখন আবার একটা।
এক জামাইবাবুর কথা খুব বলে অতনু। ওর পিসতুতো দিদির বর। জামাইবাবুর একটা বেশ বড় দোকান আছে। উনি রোজ সকালে নিয়ম করে দোকানে যান। দোকানটা আয়তনে বড়, কিন্তু বিক্রির সামগ্রী তেমন কিছুই নেই, কোনও খদ্দেরও ঢোকে না। সেই খদ্দের-হীন দোকানে একটা কম পাওয়ারের বাল্ব জ্বালিয়ে ক্যাশবাক্স আগলে বসে সেই জামাইবাবু সারাদিন শুধু আগের দিনের পেপার পড়েন। সরুপাথারে খবরের কাগজ পৌঁছায় পরের দিন। সবাই সেখানে বাসী খবর পড়ে। এবং সেই খবর নিয়ে টাটকা আলোচনা করে। যেন সারা পৃথিবীর জন্য একটা ঘটনা যখন ঘটে গিয়ে খবর হয়েছে, পরে সরুপাথারের জন্য তা আলাদা করে আবার ঘটে। আর সরুপাথারের লোকেরা তা নিয়ে তখন আলোচনা করে। যে সমস্যার সমাধান হয়ে গেছে এতক্ষণে, তারও সমাধান খুঁজে মাথা ঘামায়।
সেই জামাইবাবু অতনুকে নিয়ে বিকেলে বেড়াতে বেরোত। ওই না-গ্রাম, না-গঞ্জ জায়গায় এদিক সেদিক ঘুরে ঘুরে সব দেখাত। সব বলতে শুধু ধানের খেত। ফসল কাটা হয়ে গেছে, মাঠে কেবল নেড়া পড়ে আছে। জামাইবাবু বলত, এখানকার মাটি এত ভাল, ধরো একটু বৃষ্টি হয়েছে, তুমি পা দিয়ে কাদা ছেনে ধানের বীজ লাগিয়ে দাও, গাছ উপচে ধান ফলবে। এদেশে বুঝলে, ভাতের অভাব নেই। জামাইবাবু ওকে শোনাত সরুপাথারের একটা চলতি কথা, খার খোয়া অসমীয়া, মার খোয়া বঙালী আর ধার খোয়া নেপালি। কেন? ধার খোয়া নেপালী কেন? অতনু জিজ্ঞেস করত। জামাইবাবু বলত ওরা খালি টাকা ধার করে। কেন,  টাকা ধার করে কেন? জামাইবাবু উত্তর দিত, খাইস্‌লত। বাড়িতে জামাইবাবুর এক কাকু আছেন, উনিই পরিবারের কর্তা। অসুস্থ, তাই ঘরেই শুয়ে থাকেন। সন্ধ্যার সময় শুয়ে থাকতে নেই বলে উনি এসে বারান্দায় জলচৌকি নিয়ে বসেন কিছুসময়। ওই সময় উঠানের একপাশে তুলসী তলায় প্রদীপ জ্বালানো হয়, উলুলুলু শব্দ তুলে জোকার দেওয়া হয়। বারান্দায় কুপি জ্বলে কাঠের গাছার উপরে। উঠানের তিন দিকে তিনটে বাঁশের ঘর, শনে ছাওয়া। সব বারান্দাতেই এরকম কুপি জ্বলে। সেই সব কুপির হলদেটে আলোয় প্রশস্ত উঠানের পুরোটাই দেখা যায়। তুলসী-তলার প্রদীপ একসময় শীতের হাওয়ায় নিভে যায়। সেই কাকা অতনুর সঙ্গে কথা বলেন। আর তার কাশি ওঠে। সেই কাকা বলেছেন, এটা তোমার দিদির বাড়ি, তোমারই বাড়ি মনে করবে। ইচ্ছে হলেই আসবে। খোঁজ খবর রাখবে। আমি আর ক’দিন। তারপর ঠাণ্ডা লাগছে বলে ঘরে গিয়ে শুয়ে পড়েন। রাতে যতক্ষণ জাগা থাকে অতনু, কাশির আওয়াজ পায়।
মাঝে মাঝে অতনু তার গল্প শেষ করেও গল্পের ঘোর থেকে বেরিয়ে আসতে পারে না। চুপ করে বসে থাকে। আমি তখন নিজের থেকেই ওকে কিছু একটা মনে করিয়ে দিই, তোদের সেই কুল-পুরোহিতের কথা বলছিলি না একদিন! সেই যে দেখতে গেলি তোর ছোট মামার সাথে। ......হ্যাঁ, আমাদের কুল–পুরোহিত। একদিন ছোটমামা বলল, চল একজনের সঙ্গে দেখা করে আসি। যেতে যেতে বলল, তোদের কুল- পুরোহিত। অশ্বিনী ঠাকুর। চিনিস? অতনুর মনে পড়ল, ছোট বেলা প্রায়ই আসতেন। তখন পাকিস্তান হয়ে গেছে। অতনুর বাবা এদেশে এসে কোনও মতে একটা মাথা গোঁজার জায়গা পেয়েছেন। এই পুরুত দাদু  তখনও পাকিস্তানে। মাঝে মাঝে অতনুদের বাড়ি এলে ওর মা রান্নাঘর ভালো করে লেপে, রান্নার আয়োজন সামনে রেখে জড়সড় হয়ে একপাশে বসে থাকতেন। পুরুত দাদু নিজে রান্না করতেন। অতনু বলে, আমাদের মায়ের রান্না তো ভালোই ছিল। তবু পুরুত দাদুর নিজে রান্না করা ডাল ভাত আর মিষ্টি কুমড়োর ভাজা খাব বলে আমরা জিভের জল ঝরিয়ে বসে থাকতাম। অনেক বছর হল দেখি না। ......... অতনুরা গিয়ে দেখল অনেকগুলো অতি সস্তা, প্রায় জালি জালি দেখতে গামছা, বিয়ে বা পূজো-আচ্চার অনুষ্ঠানে দানের গামছা হিসেবে যা পুরুতকে দেয় মানুষ, সেগুলোই একটার সাথে অন্যটা সেলাই করে করে একটা তোষকের খোল তৈরি করেছেন এক অশীতিপর বৃদ্ধ। সেই খোলের ভেতর নরম নরম খড় সমান করে বিছিয়ে দিয়ে এখন সেলাই করা হচ্ছে। তোষক তৈরি হবে। অতনুরা কাছাকাছি যেতে মাথা তুলে তাকালেন। অতনু চিনতে পারল পুরুত দাদুকে। মামা জিজ্ঞেস করলেন, চিনছইন নি ঠাকুরদা, আপনার যজমান। মামার মুখে অতনুর বাবার নাম শুনে কাঁপা কাঁপা দৃষ্টি স্থির করে তাকালেন অতনুর মুখের দিকে। তুবড়ানো, চুপসানো, খুব ফর্সা, প্রায় লালচে মুখখানায় এবার হাসি ফোটে। চোখদুটোয় নীল এর আভাস। তবে কেমন যেন জল আটকে থাকা চোখ, যেন চোখদুটো গলে গিয়ে তরল হয়ে আছে। অতনু বলে, দেখে নাকি ওর কেমন কষ্ট হয়েছিল। বলে, আমাদের মত যজমানদের পুরুতের আর কী সঙ্গতি হবে বল। শীতের হাত থেকে বাঁচতে সস্তার গামছা দিয়ে খড়ের তোষক বানাচ্ছেন। ওরা ফিরে আসার সময় পুরুত দাদু মাথা তুলে তাকালেন অতনুর দিকে। বললেন, তোমার বাবারে কইও, ভালা আছি। দেখিয়া যে গেলায়, বড় আনন্দ পাইলাম। বাঁচিয়া থাকিও। অতনুরা গ্রাম ছেড়ে বেরিয়ে বড় রাস্তায় পৌঁছতেই সন্ধ্যার অন্ধকার জাঁকিয়ে বসেছিল গ্রামটার ওপর।
অতনুর গল্পগুলো শুনে শুনে আমি চোখের সামনে দেখতে পাই একজন লোক সারা জীবন শুধু আফসোস করে যাচ্ছে, ইন্টারভিউর কল লেটার দেরী করে এসেছিল বলে। একজন লোক শুধু অন্য শহরে থাকতে হবে বলে সরকারী চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে যাত্রাপালা করে বেড়ায়। একজন দোকানদার খদ্দের-হীন, মাল-পত্রহীন দোকানে বসে সারাদিন শুধু বাসী খবরের কাগজ টাটকা ভেবে পড়ে যায়। একজন বৃদ্ধ পুরুত শীতের হাত থেকে বাঁচতে জালি জালি গামছার ভেতর খড় পুরে তোষক বানায়। গল্পগুলো আমার কাছে নিতান্ত আটপৌরে মনে হত। আমি ঠিক বুঝতে পারতাম না এই গল্পগুলোর মধ্যে এমন কী আছে, যে অতনু এগুলো বার বার মনে করতে চায়? কেন ও নিজেকে হারিয়ে ফেলে এই সব গল্পের মধ্যে। একদিন জিজ্ঞেস করেছিলাম, তুই কি সরুপাথারের কথা মনে করে খুব আনন্দ পাস? ও কেমন আশ্চর্য হয়ে উত্তর দিল, আনন্দ? আনন্দ পাব কেন? আনন্দের কী আছে। আনন্দ টানন্দ কিছু নেই। তা হলে কেনই বা ওগুলো বার বার বলিস? আর কেমন একটা ঘোরের মধ্যে চলে যাস? একটু সময় চুপ করে থেকে অতনু বলে, আসলে কষ্ট পাই। আর সেই জন্যেই বার বার বলি সেই একই গল্প। আসলে কষ্টগুলো হারিয়ে গেলে বাঁচা বড় কঠিন হয়ে যাবে। আমি ওর কথার মাথামুণ্ডু বুঝি না। তাই এ নিয়ে কথাও বলি না।
আমার এরকম কোনও গল্প নেই যা থেকে আমি একটু কষ্ট পেতে পারি। যেখানে আমি মাঝে মাঝে হারিয়ে যেতে পারি। আমার ছোটবেলা কেটেছে এই শহরে। কাছাকাছির মধ্যে আমারও মামাবাড়ি বা মাসী-পিসির বাড়ি আছে। গেছিও কখনও কখনও। সেই সব বেড়ানোর স্মৃতি সব আমার মনেও পড়ে না। বসে বসে মনে করার চেষ্টাও করি না। মনে করে করে সে সব বললেও আমি নিশ্চিতই কোনও ঘোরের মধ্যে চলে যাব না। আমার ভেতরে কোনও ঘোর নেই।
খুব জাঁকিয়ে শীত পড়েছে কদিন ধরে। হাই-নেক সুয়েটার আর টুপীতে নিজেদের সজ্জিত করে সেদিন বসেছিলাম ওভারব্রিজের রেলিঙে। সামনে দিয়ে নানা লোক যাচ্ছে, আসছে। একটা পরিবার হেঁটে গেল, স্বামী, স্ত্রী, একটা সাত আট বছরের ছেলে বাবার হাত ধরে, আর তাদের পেছনে বছর পনেরোর একটি মেয়ে। ফ্রক পরা, চুলে বেণী বাঁধা। যেতে যেতে মেয়েটা আশ্চর্য হয়ে আমাদের দেখছিল। এই ঠাণ্ডায় দুটো আধবয়সী লোক এভাবে ছোকরাদের মত রেলিঙে বসে আড্ডা দিচ্ছে, হয়তো ভাবছিল আজব লোক। আমি দেখলাম অতনু সেই চলে যাওয়া মেয়েটার দিকেই তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কী দেখছিস? অতনু বলল, এই মেয়েটা যদি এখন ফিরে আসত, আর যদি এখন চারদিকে খুব কুয়াশা থাকত সরুপাথারের ভোরবেলার মত, তাহলে ওর পেছনে থাকতো একটা পুকুর ঘাট, পুকুরের জলের ওপর ভেসে বেড়াতো দলা দলা কুয়াশা, ওর মুখ চোখ হয়ে উঠতো ঘুম ভাঙা, ফোলা ফোলা, বালিশের ঘষা লাগা চুল হত সামান্য উসকো খুসকো, ওর চোখে থাকত সরল কৌতূহল, আর ওর সামনে থাকতাম আমি। ক্লাস টেনে পড়া আমি, কুয়াশার ভোরে ঘুম থেকে উঠে উঠানে বেরিয়ে এমনি কুয়াশার টানে টানে পুকুরের দিকে এগিয়ে হঠাৎই আটকে গেছি শাদা ফ্রকের ওপর মেটে রঙের সুয়েটার পরা কালো মেয়েটিকে দেখে, আমার চোখে অবাক বিস্ময়।
আমি বললাম, প্রায়ই তো বলিস এই একটা মেয়ের কথা। তারপরই বলিস  কুয়াশা এসে সব ঢেকে দিল আর কুয়াশা কাটিয়ে এসে তুই শুধু দেখলি পুকুরের শিশির ভেজা সিঁড়িতে আলাদা করে দেখা যাচ্ছে দুটো ভেজা পায়ের ছাপ। অতো রাখঢাক করার কী আছে বলতো। খুলে বললেই পারিস। ও কি তোর মামাদের কোনও পড়শি? আগে দেখিস নি কখনো?  
জানি না। কাউকে জিজ্ঞেস করিনি কোনও দিন।
কথা হয় নি কোনও দিন?
হয়েছে। সেবারই। ফিরে আসার আগের দিন, ওর সাথে কথা বলছিলাম ওই পুকুর ঘাটে বসে। পুকুরের জলে ইট রঙের সর পড়েছিল। ও বসে বসে পুকুরের জলে ঢিল ছুঁড়ছিল আর সেই সর একটু সরে গিয়ে ঢিলটাকে ডুবে যেতে দিয়ে পর মুহূর্ত্যেই আবার সেই ফাঁক ঢেকে দিচ্ছিল। ঢিলগুলো পড়ার কোনও চিহ্ন দেখা যাচ্ছিল না। যেই বললাম, কাল আমি চলে যাব, অমনি কেমন অবিশ্বাসের চোখে আমার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। তারপর আর একটাও কথা না বলে দৌড়ে চলে গেল পুকুরের পাড় ধরে উল্টো দিকে। তারপর সেই উঁচু পাড় থেকে লাফিয়ে নামল নীচের ধানক্ষেতে, তখন কিছুক্ষণ আর ওকে দেখতে পাচ্ছিলাম না। একটু পরেই আবার দেখলাম বেশ কিছুটা দূরে। ধানক্ষেতের উপর দিয়ে দৌড়ে যাচ্ছে। কারা যেন মাঠের খড়ে আগুন জ্বালিয়েছিল। সেই ধোঁয়া হঠাৎই বেড়ে গিয়ে চারদিক ঢেকে ফেলে, ওকে আর দেখতে পেলাম না। জানলাম না কোন বাড়িতে গিয়ে ঢুকল।
এর পরের বার গিয়ে দেখা হয় নি?
এর পরে আমি আর সরুপাথার যাই নি।
অতনুর ছেলের ফিটের রোগ আছে, হঠাৎ করে কেমন গোঁ গোঁ করে অজ্ঞান হয়ে যায়। ডাক্তার টাক্তার দেখিয়ে কাজ বিশেষ কিছু হয় নি। অফিসের একজন এক কোবরেজের সন্ধান দিয়েছিল। অতনু একদিন আমাকে নিয়ে সেই কোবরেজকে খুঁজতে বেরোল। পাড়াটা আমি চিনি, যদিও এদিকে আমার আজকাল বড় একটা আসা হয় না। রাস্তার দুপাশের বাড়িঘর অনেক পাল্টে গেছে, আসি না বলে খেয়াল করিনি। একটা কালভার্ট পেরোনোর সময় নীচের খালটা দেখিয়ে আমি অতনুকে বললাম, একটু ডানদিকে এগিয়ে এই খাল নদীতে পড়েছে। ওই জায়গাটা আমার খুব ভাল লাগত, ছোটবেলা কত গেছি। ওখানে মাছ ধরেছি, সাঁৎরেছি, খালের উপর ঝুঁকে থাকা একটা বটগাছের নীচে বসে আমি প্রথম বিড়ি খেয়েছিলাম। অতনু খুব উৎসাহ নিয়ে আমার কথা শুনছিল। কোবরেজের বাড়ি গিয়ে জানা গেল উনি মারা গেছেন ছ মাস আগে। ফিরে আসার সময় অতনুই জোর করল, চল তোর সেই বিড়ি খাবার জায়গাটা দেখে আসি। সন্ধ্যা হতে তখনও বেশ বাকী আছে। আমি রাজী হলাম। কিন্তু যত এগোচ্ছি, তত আমি নিরাশ হতে আরম্ভ করেছি। সব কিছু এত বেশী রকম পাল্টে গেছে, নালাটার দুপাশে পাকা বাড়ি গজিয়ে গেছে, ঠিক চিনতে পারছিলাম না। শেষ পর্যন্ত নদীটির কাছে গিয়ে দেখলাম সেই বট গাছটা নেই। নালাটা দুদিকে রিটেনশন ওয়ালের মধ্যে আটকা পড়ে সরু হয়ে গেছে, তার সেই বিস্তারটুকুই হারিয়ে গেছে। একটা পার্ক গজিয়ে গেছে তার পাশে। জলটাও যেন আগের তুলনায় অনেক নোংরা। আমি কেমন আশাহত হয়ে দাঁড়িয়েছিলাম। অতনু হঠাৎ একটা অদ্ভুত কথা বলল। বলল, সরুপাথারে হলে এরকম হত না। আমি ওর মুখের দিকে তাকালাম। ভেবেছিলাম হাল্কা রসিকতা করছে, কিন্তু ওর মুখে কোনও রসিকতার দুষ্টুমি মাখানো নেই। মুখখানা এক সরল প্রত্যয়ে স্থির হয়ে আছে। আমি আবার জিজ্ঞেস করি, কেন? সরুপাথার হলে এরকম হত না কেন? ও সেই একই প্রত্যয়ের সঙ্গে বলল, সরুপাথারে কিছুই পাল্টায় না। সব একই রকম থাকে। ওর মুখের দিকে তাকিয়ে আমি আর কথা না বাড়িয়ে শুধু বললাম, চল, ফিরি। 
হঠাৎ করেই আমার একটা সুযোগ এসে গেল সরুপাথার যাবার। আমার অফিসের বড় সাহেবকে একটা জরুরী কাজে সরুপাথার যেতে হবে। উনি চাইলেন আমিও সঙ্গে যাই। ওখানে কিছু কিছু টাইপের কাজ করতে হবে যা উনি আমাকে দিয়েই করাতে চান। টাকা পয়সা সংক্রান্ত কিছু একটা গণ্ডগোল হয়েছে ওখানে, সাহেব সেটার তদন্ত করতে যাবেন। সঙ্গে বিশ্বাসী লোক দরকার। সেদিন বিকেলে অতনুর সাথে দেখা হতে আমি ওকে চমকে দেবার মত করে খবরটা দিলাম। ভাবলাম অতনু উচ্ছ্বসিত হয়ে আমাকে বলবে ওর মামাদের সাথে দেখা করতে, পারলে সকলের একটু খোঁজ করে আসতে। কিন্তু ও বিশেষ উৎসাহ দেখাল না। শুধু বলল, সরুপাথার কি চাইলেই যাওয়া যায়? আমি তো সেই ক্লাস টেন-এর পর আর যেতেই পারলাম না। দেখ যদি যেতে পারিস। এটুকু মাত্র বলেই ও প্রসঙ্গ পাল্টালো। আমি খুব আশ্চর্য হলাম।
অফিসের নির্দেশ মত আমি আগেই ট্রেনে করে চলে যাই যোরহাট। আমার বড় সাহেব সেখানে গিয়ে পৌঁছলে আমি গিয়ে হোটেলে দেখা করি। তারপর ঠিক হয় পরদিন যোরহাট অফিসের আরেক সাহেবকে নিয়ে আমার বড় সাহেব রওয়ানা হবেন সরুপাথার। আমি ওদের সঙ্গে একই গাড়িতে যাব।
একটা জায়গায় বড় রাস্তা ছেড়ে আমাদের গাড়িটা পাশের একটা ছোট রাস্তায় ঢুকে পড়ল। এটাই নাকি সরুপাথার যাবার রাস্তা। গাড়িতে বসে দুই সাহেব নানা কথা বলছিলাম। আমি বাইরের মাঠ ঘাট গাছ পালা দেখতে দেখতে কান পেতে ওদের কথা শুনছিলাম। যোরহাটের সাহেব আমার সাহেবকে বলছিলেন, আপনি আগে কখনও গেছেন সরুপাথার? আমার সাহেব বললেন, না। এদিকে আমার পোস্টিং হয়নি কখনও। যোরহাটের সাহেব বললেন, এই সরুপাথার জায়গাটায় গেলে আমার কেমন মনে হয় গোটা গ্লোবেলাইজেশন ব্যাপারটা যেন এই সরুপাথারকে বাইপাস করে চলে গেছে। সারা পৃথিবী বদলে গেলেও সরুপাথার বদলায়নি এতটুকু।
আমার সাহেব জিজ্ঞেস করেন, আপনি বুঝি অনেকবার গেছেন সরুপাথারে? গেছি মানে? ছোটবেলা তো অনেকবার এসেছি। আমার মামার বাড়ি আছে এখানে। আজকাল আর আসা হয় না। বিশ্বাস করবেন, আমার এক মামার এত সখ ছিল চাকরি করার। তিন তিনটে চাকরির ইন্টারভিউ দেবার জন্য কল লেটার পেয়েছিল। কিন্তু সবগুলোই হাতে পেল ইন্টারভিউর তারিখ পেরিয়ে যাবার পর।
এ কথা শুনে আমি চমকে উঠি। আমার একবার ইচ্ছে করে পিছন ফিরে দেখি অতনুই যোরহাট অফিসের সাহেব সেজে আমার পিছনে বসে আছে কি না। কিন্তু না, এটা তো হতে পারে না। তা ছাড়া গলার স্বরটাই আলাদা। এই সাহেবের গলার আওয়াজ সাহেবদেরই মত। আমার বা অতনুর মত কেরানী-মার্কা নয়। আমার কেমন তালগোল পাকিয়ে গেল। আবারও ওদের কথায় কান পাতলাম। এবার সেই সাহেব বলছেন, আমার দিদিমা একটা নারকোলের নাড়ু হাতে ধরিয়ে দিতেন। এমন নাড়ু তো কতই খাই। কিন্তু সেই স্বাদ আর পাই না। আমার কান মাথা ভন ভন করছিল। আমি জানি এর পরে আসবে এক কুল-পুরোহিতের কথা, যে শীতের হাত থেকে বাঁচতে জালি জালি গামছা সেলাই করে ভেতরে খড় পুরে তোষক বানায়। আসবে সেই দোকানদারের কথা যে খদ্দের-হীন এক দোকানে সারাদিন বসে বসে শুধু বাসী খবরের কাগজ পড়ে। একদল নেপালি মানুষ শুধু টাকা ধার করে যায়, যেহেতু এটা ওদের খাইস্‌লত। একজন বৃদ্ধ লোক সারা রাত কাশতে থাকেন। আর একটা শাদা রঙের ফ্রক আর মেটে রঙের সুয়েটার পরা মেয়ে, কিংবা সেই কুয়াশা কিংবা গাছপালা কিংবা নেড়ার আগুনের ধোঁয়া কিংবা পুকুরের জলের ওপর সর পড়ে থাকার কথা বলতেও পারেন, না-ও বলতে পারেন। তাতে অবশ্য আমার কিছুই যায় আসে না। আমি এবার ওদের কথায় কান না দিয়ে চোখ ভরে বাইরের দৃশ্যাবলী দেখে যাই। আমি জানি গ্লোবেলাইজেশন এ পথে আসে নি। ওই বড় রাস্তা দিয়ে চলে গেছে অন্য শহরে। তাই এই দৃশ্যাবলী পাল্টায় নি বছরের পর বছর।  
আমাদের গাড়িটা সেদিন আর সরুপাথার যেতে পারল না, কারণ একটা পুল ভেঙ্গে গেছে। কবে ঠিক হবে কেউ জানে না। লোকজন পুলের তলা দিয়ে জল কাদা ভেঙ্গে পারাপার হচ্ছে, যাদের দরকার। বাকীরা বসে বসে অপেক্ষা করছে কবে পুল ঠিক হয়।
দুই সাহেব মিলে ঠিক করলেন, ফিরে যাওয়াই ভাল। পরে রাস্তার খবর নিয়ে আবার আসা যাবে। আমিও আবার যোরহাট থেকে ট্রেন ধরে ফিরে এলাম।
সেদিন বাড়ী পৌঁছতে অফিসের টাইম পেরিয়ে গিয়েছিল বলে আমি দুপুরটা বাড়িতেই কাটালাম। খাওয়া দাওয়ার পর একবার উঠে পুরোন বাক্স প্যাঁটরা হাতড়ে আমার সব পুরোন স্মৃতিগুলোকে এক জায়গায় জড়ো করার চেষ্টা করলাম। দেখলাম, খুব স্পষ্ট না হলেও এখনও খুঁজে পাওয়া যাচ্ছে একজন দিদিমার খরখরে ঠাণ্ডা আঙুলের স্পর্শ, নারকোলের নাড়ু, এক কুল-পুরোহিতের গামছা সেলাই করে খড়ের তোষক বানানোর দৃশ্য, ইত্যাদি। সবই প্রায় আছে, হয়তো একটু আধটু মলিন হয়ে আছে, তবু আছে তো। আমি সব যত্ন করে আলাদা করে রাখি। একবার এগুলোকে সরুপাথার পৌঁছে দিতে পারলেই নিশ্চিন্ত। ওখানে পৌঁছে দিতে পারলে কিছুই আর বদলাবে না।
সেদিনই প্রথম আমি সরুপাথারের কথা ভাবতে ভাবতে কেমন একটা ঘোরের মধ্যে চলে যাই। আর আমার বেশ একটা কষ্ট হতে থাকে।
________________________________________________

Thursday, 14 January 2016

বাসি ফুল



বাসি ফুল
- মলয়কান্তি দে
গন্ধরাজ ঘুম থেকে উঠেছিল, রোজ যেমন ওঠে, কাক-ডাকা ভোরে। ওই সময় আকাশে আলো তেমন ফোটে না। কেবল ঘরবাড়ি, গাছপালা, মাঠ, পুকুর ইত্যাদি চাপড়া চাপড়া ঠাহর করা যায়। কিন্তু আজ ক’দিন ধরে আকাশের চেহারা অন্যরকম। মোষের মত কালো রঙের মেঘে সারাক্ষণ ছেয়ে আছে আকাশ। দিনরাত শুধু বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টি পড়ে পড়ে পচিয়ে দিচ্ছে চারদিক। বাঁশের দরজা সরিয়ে গন্ধরাজ বাইরে এল। আকাশ আজও মেঘে ঢাকা। বৃষ্টি পড়ছে, তবে একটু  ঝিমিয়ে। তেজ কমেছে যেন। বৃষ্টির ফোঁটা মাথায় নিয়ে উঠানে নামল সে, তারপর চলে গেল বাঁশঝাড়ের দিকটায়। ফিরে এসে চোখে মুখে জল দিল। গামছা দিয়ে গা-মাথা মুছে নিল। ভেজা হাওয়ায় একটা ঠাণ্ডা শিরশিরানি লাগছে গায়ে। ঘরে ঢুকে এক টুকরো থান কাপড় গায়ে জড়িয়ে আবার বারান্দায় এল। বারান্দা বলতে মাত্র দেড় হাত বাড়তি ভিটে। খড়ের চালাটাও সেই হিসেবে বাড়ানো। একটু সময় দাঁড়িয়ে থেকে কী করবে ভেবে না পেয়ে গন্ধরাজ পিড়ি পেতে বারান্দায় বসল। রোজ যেরকম বসে। ঠাণ্ডা লাগছে, তাই একটু কুচিমুচি লেগে বসেছে গন্ধরাজ। এই মুহূর্ত্যে কিছু করার নেই তার।  
বৃষ্টি বাদলা না হলে এই সময় গন্ধরাজ পায়ে পায়ে সারা বাড়ির আনাচ কানাচ হেঁটে বেড়ায়। ঘুরে  ঘুরে দেখে, কোথায় আমগাছের একটা ডাল নুয়ে আছে, পুকুরে যেতে আসতে মাথায় লাগছে, কাটতে হবে। ঘাটার খুঁটিগুলো নাড়া দিয়ে দেখে, একটার বোধ হয় গুড়ি পচে গেছে, পাল্টাতে হবে। জবা গাছের একটা ডাল হয়তো কোনও কারণে মাজা ভেঙ্গে কাত হয়ে আছে, তুলে ধরে বাঁশের কঞ্চির ঠেকা লাগিয়ে সোজা করে দেয়। মাঝে মাঝে বাড়ির বাইরেও বেরোয়। মাটির রাস্তা ধরে এমনি এদিক ওদিক হাঁটে। কখনও কোথাও অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে চারপাশ খুব মন দিয়ে নিরীক্ষণ করে। ধানের চারার বাড় থেকে নালার জলের স্রোত, পুকুরে মাছের ঘাই থেকে কারো ঘরের চালে চালকুমড়ো, যা কিছু চোখে পড়ে তার সবই অনেক সময় লাগিয়ে দেখে। তার এই দেখার মধ্যে একটা প্রশান্ত, নির্লিপ্ত ভঙ্গী আছে। তার এই মুখ জোড়া প্রশান্তির সঙ্গে তার ঈষৎ ছড়ানো, এবং একটু ফাঁক হয়ে থাকা ঠোঁট দুটো এমন এক সঙ্গতি তৈরি করেছে, যার জন্য ওকে সব সময়ই মনে হয় যেন হাসছে। যেন তার ভেতরটা সব সময় ভরা পুকুরের মত টই টম্বুর। জাগতিক কোনও আনন্দের ব্যাপার যখন ঘটে, তখন সেই পুকুরে রোদ পড়ে। আর যখন কোনও দুঃখ বেদনার কিছু ঘটে, তখন সেখানে ছায়া পড়ে, মেঘের ছায়া। পাঁচ বছর আগে যেদিন তার বউ শৈলবালা মারা গেল,  দাহকার্য শেষ করে এসে এই একলা ঘরখানার বারান্দায় বসে ছিল গন্ধরাজ। সেদিনও তার ঠোঁট-দুটো একই রকম, একটু ফাঁক আর দু পাশে একটু ছড়ানো ছিল। তার সেদিনকার মুখভঙ্গিকেও হাসি হাসি মনে হতে পারে, তবে তা ছিল কেমন অন্যমনস্ক। এ ছাড়া অন্য সব সময়ই সে হাস্যমুখ, আনন্দিত।   
এই কাকভোরেও, কখনও কারও সাথে তার দেখা হয়ে যায়। বরদাকান্ত কিম্বা অধীর কিম্বা অন্য কেউ। তারা কথা বলে, ভালা আছ নি বা, কাকা। গন্ধরাজ তার হাসি মাখানো মুখে উত্তর দেয়, অয়, আছি। টাউনো গেসলায় নি এর মাঝে। না-বা। কিতা করতাম গিয়া। আইজ কাইল আর শরীরে দেয় না। যদি কেউ মন খারাপের কথা কিছু বলে, যেমন, -পুয়া ইগুরে আর বাচাইতাম পারতাম নায় বা। কুন্তা খায় না, খালি বিছ্‌নাত পড়ি থাকে..., তখনও গন্ধরাজের মুখের ভঙ্গী একই থাকে, শুধু হাসিটা মনে হয় যেন বর্ষা-দিনের রোদের মত ঝপ করে মরে গেল। গন্ধরাজের মুখের একটাই অভিব্যক্তি। একটা জীবন কাটাতে এর বেশী অভিব্যক্তির তার দরকার হয় নি।
ভোরবেলার এই সব দেখাদেখি আর এই কদাচিৎ আলাপচারিতার মধ্যেই এক সময় চারদিক ফর্সা হয়। তখন ঘরে ফিরে আসে গন্ধরাজ। এসে তার চালাঘরের বারান্দায় পিঁড়ি পেতে বসে থাকে। বৃষ্টি না থাকলে, সে জানে, একটু পরেই বাঁশঝাড়ের মাথায় সকালের করমচা রঙের রোদ এসে পড়বে।  
গন্ধরাজের বয়স হয়েছে। দু বছর আগে হলে এই ভোরবেলাই গন্ধরাজ বাড়ির নানান কাজে ব্যস্ত হয়ে যেত। কোথায় ঘরের একটা খুঁটি পাল্টাতে হবে, কোথায় ভিটেতে আগাছা জন্মে গেছে, সাফ করতে হবে, জল নেমে গেছে বলে পুকুরের ধাপটা একটু নামিয়ে বাঁধতে হবে, এই সব কাজে সকালটা কাটিয়ে, স্নান করে, পেট পুরে পান্তা খেয়ে বেরিয়ে পড়ত সাড়ে আটটার ট্রেনের উদ্দেশ্যে। ট্রেন ধরতে পারলে ভাল। মামার গাড়ি। বিনা পয়সায় পৌঁছে দেবে শহরে। তা নইলে বাস। বাসের কন্ডাক্টর মোটেও রেয়াত করে না। পুরো ভাড়া উসুল করে। গাঁটের পয়সা গচ্চা যায়। তারপর শহরে পৌঁছে হয়তো কোথাও কাজ ধরা আছে, গামছা পরে কাজে লেগে যাওয়া। আর নইলে দা হাতে এ-বাড়ি ও-বাড়ি কাজের খোঁজ করা। কাজ ধরা থাকলে দা-খানা রেখে আসতে হয় গৃহস্থের বাড়ি, জামিন হিসেবে। যাতে পরের দিন এক গৃহস্থকে লটকে রেখে অন্য গৃহস্থের কাজে লেগে যেতে না পারে। আর কাজ ধরা না থাকলে তখন হাতে থাকে গামছা পেঁচানো দা। যে কয়েকটা বাঁধা ঘর ছিল, সেই কবে থেকে যাদের ঘর সারানোর কাজ করে আসছে গন্ধরাজ, তারা সবাই একে একে ইট কাঠের দালান বানিয়ে ফেলেছে। ইসপল্টুর টিন লাগিয়েছে। গন্ধরাজের কাজ কমে গেছে। এখন কেবল কারও বাড়ির সীমানার বেড়া সারানো, শিম বা লাউ গাছের মাচা বানানো, - এই সব ছোট ছোট কাজ টিকে আছে। আজকাল আর শরীর দিয়ে পারে না গন্ধরাজ। তার বয়স হয়েছে। ঠিক কত বয়স হয়েছে সে জানে না। শুধু টের পায়, আজকাল বেশীক্ষণ রোদে কাজ করলে মাথা ঘোরে। তাই আস্তে আস্তে ঘর-বন্দি হয়ে গেছে সে। তার ছেলে বাপের রাস্তা ধরে নি। সে রিকসা চালায়। রিকসা চালানোতে তনাই থাকলে রোজগার আছে। গন্ধরাজের তনাই পড়ে গেছে। তা ছাড়া, তার রোজগারের রাস্তায় তনাই থাকলেও কাজ নেই। বাতিল মানুষের মত সে এখন বাড়িতে বসে থাকে। বাড়ির কাজকর্ম করে, হাত-দা খানা যত্ন করে ধার দেয়। শরীরটাকে খাটিয়ে চালু রাখে। বাকী সময় বারান্দায় পিড়ি পেতে বসে চারদিকে তাকায় শুধু। উঠানে চড়ুই নামলেও তাকায়, ঘরের চালে কাক বসলেও তাকায়, কোনও বাড়ির ছাগল এসে ঘাটার আগল ঠেলছে দেখলেও তাকায়। ওর হাসি হাসি মুখটা দেখলে তখন মনে হবে ও যেন খুব আমোদ পাচ্ছে এ সব দেখে।
কিন্তু এই ক’দিন ধরে এত বৃষ্টি পড়ছে, গন্ধরাজের নড়া চড়া বন্ধ। হাত পা ডাট্টা হয়ে যাচ্ছে। দা খানাতে জংকার না পড়ে যায়। বৃষ্টি মাথায় করে কাজে নামার বয়স আর তার নেই। তাই এই বৃষ্টির সকালে গন্ধরাজের কাজ শুধু বসে থাকা। বসে থাকতে থাকতে এক সময় পূবের ভিটার বাঁশের দরজায় ক্যাঁচকোঁচ শব্দ উঠতে গন্ধরাজ সেদিকে তাকাল। আরতি দরজা খুলে বেরিয়েছে। গন্ধরাজের পুত্রবধূ। গন্ধরাজকে দেখে গায়ের কাপড়টা একটু টেনে দিল। ঘোমটাও টানার চেষ্টা করল, খাটো কাপড়ে সেই চেষ্টা ফলবতী হল না। হাল্কা বৃষ্টির পরোয়া না করে বউ চলে গেল বাড়ির পিছন দিকে, সুপুরি গাছের শুকনো ছই দিয়ে বানানো আড়ালের আড়ালে। নির্লিপ্ত ভঙ্গীতে বউটির থেকে চোখ সরালো গন্ধরাজ। একটু পরে বউ ফিরে এল। এবার গন্ধরাজের বসে থাকার মধ্যে একটা অপেক্ষা এসে যোগ হয়। একটা সরল, শান্ত, নিশ্চিত প্রাপ্তির অপেক্ষা। একটু পরেই দেখা গেল আরতি গ্লাসে করে চা নিয়ে আসছে। বৃষ্টির উঠান পার হয়ে আরতি, বাবা, চা নেইন, -বলে চায়ের গ্লাস এগিয়ে দিলে গন্ধরাজ আগ্রহের সঙ্গে দু-হাত বাড়িয়ে তা নিল। সঙ্গে এনামেলের বাটিতে অল্প মুড়ি। ঠাণ্ডার মধ্যে এই নুন দেওয়া ফিকা চা বড় তৃপ্তি দেয়। তারিয়ে তারিয়ে চা-টা খেল গন্ধরাজ। আরও কিছু পরে ছেলে অনন্ত বেরোল। এখন বৃষ্টি মাথায় করে শহরে যাবে। বিধান মজুমদারের কাছ থেকে ভাড়ার রিক্সাখানা নিয়ে ট্রিপ মারতে লেগে যাবে। বৃষ্টি বাদলায় সওয়ারি কম হয়, কিন্তু আমদানি ভাল। দেরি করার সময় নেই তার। আরও পরে, ঘুমের চোখ কচলাতে কচলাতে ঘর থেকে বেরোল উদোম ন্যাংটা, আরতির চার বছরের ছেলে, গন্ধরাজের নাতি, বাদল। মুখে ঘুম ভাঙ্গার বিরক্তি। গন্ধরাজ একটু জোরে চেঁচিয়ে বলল, কিতা বা লেংটা গদা। উঠি গেলায় নি। আজকের দিনের এটা তার প্রথম শব্দোচ্চারণ। নাতি একবার ঘাড় ঘুরিয়ে গন্ধরাজকে দেখল রাগ রাগ মুখ করে। তারপর যেখানে দাঁড়িয়ে ছিল, সেখান থেকেই পেচ্ছাপের একটা সরু ধারা ছুঁড়ে দিল উঠানে। সেদিকে তাকিয়ে গন্ধরাজের মুখের হাসিটি প্রাণ পায়, যদিও সে আলাদা করে হাসে নি। নাতি গিয়ে ঘরে ঢুকল। এখন প্রত্যেকটি ব্যাপারেই একপ্রস্ত ঘ্যান ঘ্যান করবে। মা ওর পিঠে কিল বসাবে দু একটা। চেঁচিয়ে কাঁদবে তারপর। অর্থাৎ, শুরু হয়ে গেছে আরেকটা হাসি কান্নার দিন।  
বৃষ্টি একটু ধরেছে। যদিও খড়ের চালা থেকে মাঝে মাঝে টুপটাপ জলের ফোঁটা পড়ছে ছাচের পোতায়। উৎসুক চোখ তুলে আকাশ দেখল গন্ধরাজ, ছাই রঙ হালকা হচ্ছে ক্রমশ:, ধীরে ধীরে ফরসা হচ্ছে আকাশ। ঠাকুর যদি আজ একটু দিন দেয়। মনে মনে ভাবল গন্ধরাজ। রোদ না পেয়ে উঠানের এখানে ওখানে শ্যাওলার সর পড়ে গেছে। অসাবধানে পা পড়লেই হড়কাবে। গন্ধরাজ এবার ওঠে। গায়ের কাপড় খুলে রেখে গামছা খানা পরে নেয়। ঘরের বেড়ার খাপে ঢোকানো হাত-দা খানা টেনে বের করে উঠানে নেমে পড়ে। সারা বাড়িতে যেখানে যা খুচ খাচ কাজ চোখে পড়ে, একে একে সারতে থাকে। কোদাল এনে মাটি চেঁচে শ্যাওলা সরায়। বাঁশ ঝাড় থেকে একটা পোক্ত বাঁশ বেছে নিয়ে সেটা কেটে এনে উঠানে শুইয়ে রাখে, ঘরের খুঁটি বানাবে। আমগাছে পিঁপড়ের ঢোল হয়েছে একটা। কেটে দেয়। এই রকম করতে করতে এক সময় একটু রোদ ঝিলিক দিয়ে উঠল আকাশে। মনটা ভাল লাগল গন্ধরাজের। পুকুরে গিয়ে হাত পা পরিষ্কার করে স্নান করে নিল। ফিরে এসে খাটো ধুতিটা পরতে পরতে আরতিকে ডাকল, - কই গেলে গো মাই।
ঘর থেকে ত্রস্তপায়ে বেরিয়ে এল আরতি।
- ডাকিতরা নি বাবা?
- অয়। কুন্তা খাইবার দে। আমি টাউনো যাইতাম।
- টাউনো গিয়া কিতা করতা? শরীল ভালা নায়। আরতির গলায় উদ্বেগ।
- কত দিন গেছি না বেটি। ভাল্লাগের না। দিন দিছে তে একবারতা যাই। ওউ যাইমু আর আইমু।
- তে ভাত এক দলা মুখো দিয়া যাইন।
ভাত খেয়ে গন্ধরাজ একটা রংচটা সিনথেটিক হাফ শার্ট গায়ে দেয়। টায়ারের চপ্পল জোড়া বের করে ধুলো ঝেড়ে তাতে পা গলায়। তারপর বড় রাস্তা অবধি হেঁটে এসে বাসের জন্য অপেক্ষা করে।
*        *        *
          কপালে ঠাণ্ডা হাতের স্পর্শ পেয়ে ঘুমের লাগ কাটল আশালতার। চোখ না খুলেও টের পেলেন, কয়েকটি সরু সরু আঙ্গুল তার কপাল ছুঁয়ে আছে। ভাল লাগছিল আশালতার। কয়েকটা বাড়তি সেকেন্ড এই ভাল লাগাকে ধরে রেখে তারপর চোখ খুললেন। ঝাপসা চোখে একটুক্ষণ তাকিয়ে বুঝলেন, বিছানার পাশে তার বউমা এসে দাঁড়িয়েছে। শরীর কি রকম গো আইজ? কথাটা বুঝতে একটু সময় নিলেন আশালতা, তারপর মাথা নাড়লেন। ভাল। ভাল লাগছে তার। এই যে চোখ খুলে তাকিয়েছেন, চোখ ভারী হয়ে বন্ধ হয়ে আসছে না। শরীরে তেমন জ্বালা-পোড়া নেই। কেমন যেন সব কিছু ভাল লাগতে ইচ্ছে করছে। এই কয়েকটা দিন বড় খারাপ লাগছিল সবকিছু। এক নাগাড়ে বৃষ্টি হচ্ছিল।  ঘরের ভেতর চাপ চাপ অন্ধকার জমে থাকত। সেই অন্ধকারে কারা আসছে, কারা যাচ্ছে ঠিক বুঝতে পারতেন না। মনে হত অচেনা মানুষজন এসে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তারা কি সব বলাবলি করছে, কিছুই বুঝতে পারছেন না উনি। দিন না রাত, তা-ও বোঝা যেত না। কেমন যেন ভয় করত আশালতার। ভয়ে কাঁটা কাঁটা হয়ে থাকতেন। মাঝে মাঝে খাবার ভেবে হাঁ করলে মুখে পড়ত তেতো ওষুধ। খাবারের গ্রাস মুখে নিলে গিলতে পারতেন না। ঘুমে ঢলে পড়তেন। আসলে ঘুম নয়, একটা আচ্ছন্নতা। আজ চারদিক তাকিয়ে দেখলেন আশালতা, ঘর খানা বেশ আলো আলো। চেনা আসবাবগুলো চোখে পড়ছে। এই যে সামনে দাঁড়িয়ে আছে তার পুত্রবধূ, যার নাম প্রায়ই ভুলে যান তিনি, এখন ঠিক মনে পড়ছে ওর নাম সুনন্দা, ওকেও দেখতে বড় ভাল লাগছে। সুনন্দা বলল, জ্বরতো কমছে মনে অয়। প্রণতি আউক, কইমু আইজ একটু গা মুছাইয়া দিত আপনারে। ই কয়দিন তো গা মুছানি অইছে না। ভালা লাগব। বাধ্য শিশুর মত ঘাড় কাত করলেন আশালতা।
আজ রোদ উঠেছে। আশালতার পায়ের দিকে একটা কাঠের পাল্লার জানালা আছে। সকালে খুলে দেওয়া হয় আর বিকেলে, সন্ধ্যা নামার আগেই টেনে বন্ধ করা হয়। নইলে মশা ঢোকে। বৃষ্টি পড়লে দিনেও পাল্লা টেনে দেওয়া হয়, নইলে বৃষ্টির ছাট ঢোকে। একটা পাতলা সুতি কাপড়ের টুকরো পর্দা হয়ে আহ্লাদে দোল খায় সেই জানালায়। কাপড়টা মাঝে মাঝে হাওয়ায় সরে যায়। বেশী হাওয়ায় কখনও পেঁচিয়ে যায় জানালার শিকের সাথে। কারো চোখে পড়লে প্যাঁচ খুলে দেয়। এই অকুলীন পর্দাটি মাঝে মাঝে সরে গিয়ে যতখানি ফোকর তৈরি করে, ঠিক সেই মাপের পৃথিবী উঁকি দেয় আশালতার ঘরে। ঘরের অন্য জানালাটির সামনে অনেক বাক্স প্যাটরা রাখা, তাই সেটা খোলা হয় না। জানালা দুটির ওপাশে অন্য লোকের বাড়ি। সে বাড়িতে নানা বয়সের অনেক মানুষ। সেই বাড়ি থেকে বাচ্চাদের ঝগড়া, কারও কান্না, কারও শাসানি, একটু বড় হওয়া কারও মুখে এক-আধটা চালু হিন্দি গানের কলি, বড়দের ভারী গলায় সংসারী কথাবার্তা - ইত্যাদি এসে আশালতার ঘরে ঢোকে। এই সব শব্দে আশালতা সঙ্গ-সুখ পান। একটা চলমান জীবনে জুড়ে থাকার সুখ। এ ছাড়া তার ঘরে আছে একটা সিলিং ফ্যানের শব্দ, আর প্রতি ঘণ্টায় একবার টুং করে বেজে ওঠা একটা দেয়াল ঘড়ির শব্দ।   
এক বছর আগেও এমন শয্যাশায়ী ছিলেন না আশালতা। কারো সাহায্য ছাড়াই বিছানা থেকে নামতে পারতেন। লাঠি হাতে সামান্য হাঁটতেও পারতেন। বেডপ্যান ব্যবহার করতে পারতেন। একবছর হল তিনি সেই ক্ষমতা হারিয়েছেন। এক বছর ধরে বিছানাতেই তার মল-মূত্র ত্যাগ। শারীরিক ক্ষমতা কমে গিয়ে মানুষ যত অন্যের উপর নির্ভরশীল হয়, ততই তার অধিকার-বোধ কমতে থাকে। আশালতা এখন তার নিজের কোনও চাহিদার কথা এমনকি ছেলেকেও বলতে দ্বিধা করেন। এক বছর আগেও তার নাতিটা দুপুর বেলা তার পাশে এসে শুয়ে পড়ে বলত, ঠাম্মা আমাকে ঘুম পাড়িয়ে দাও। আশালতার আলাদা ঘুমপাড়ানি গান ছিল, যা শুরু হত মাসি-পিসি দিয়ে। আর তার পর ওই একই ছন্দে এসে জুড়ে যেত চেয়ার টেবিল ঘুনু রে, সেলেট পেন্সিল ঘুনু, বুড়া বুড়ি ঘুনু রে, ময়না পাখি ঘুনু, এরকম যা মনে আসে তা-ই। কবে একদিন আল্পনা আর কল্পনা নামে দুটি বাচ্চা মেয়ের নামও ঢুকে গিয়েছিল, আর তারপর থেকে ওই দুটো নাম উচ্চারিত না হলে নাতির মন ভরত না। খালি বায়না ধরত, আলবল কালবল ঘুনু বল। আলবল কালবল ঘুনু। সেই নাতি আর কাছে আসে না। কখনও মা বাবার পেছনে পেছনে এসেও দরজায় দাঁড়িয়ে পড়ে। ঘরে ঢোকে না। আশালতা দেখেন শুধু। কাছে ডাকার সাহস পান না।
ছেলে দিবাকর, বউ সুনন্দা আর নাতি দীপ্তকে নিয়ে আশালতার সংসার। এরকম ভাবতে ভাল লাগে। আসলে দিবাকর, সুনন্দা আর দীপ্তর সংসারের এক অধিকন্তু অংশ আশালতা। অবহেলিত নন। একটি কাজের মহিলা রোজ এ বাড়ির অন্য ঘরগুলোর সঙ্গে তার ঘরও ঝাড়ু দেয়, মোছে। তা ছাড়া প্রণতি নামের বউটি আছে তার সকালবেলার পরিচর্যার জন্য। রোজ এসে তাকে স্নান করিয়ে বাসি কাপড় পালটিয়ে দেয়, নোংরা বিছানা পরিষ্কার করে, কাপড়চোপড় কেচে দেয়। বউটির মাত-বোল ভাল। এসেই বলবে, কিতা গো মাসী, আইজ কিলান আছ। কিন্তু রুটিনের হাতে কাজ সারতে গিয়ে খেয়াল রাখে না আশালতা কোথায় চোট পান, কোথায় ব্যথা লাগে। আশালতা উঃ করে উঠলে প্রণতি সতর্ক হয়, বউদি শুনতে পেল কি? শুনলে খামোখা বকা ঝকা করবে। সুস্থ থাকলে আশালতা খুব সহযোগিতা করেন। তাতে তার নিজেরই কষ্ট কমে, প্রণতিরও সুবিধা হয়। কিন্তু জ্বর-জারি হলে তখন আর পারেন না। শরীরের লাশ ছেড়ে দেন একেবারে। তখন এই হাড়ে হাড় লাগা শরীরখানা সামলাতে গেলে এক আধটু চোট তো লাগতেই পারে। কিন্তু সামান্য উঃ শব্দ বউদির কানে গেলেই হয়েছে। প্রণতি চাপা গলায় গজ গজ করে, অত যদি মায়া লাগে, তে নিজে আইয়া আত লাগাও না কেনে? মনো করো পয়সা দিতরায় তে আর নিজে গু-মুত ছানতায় কেনে। হড়ি কার, তুমার না আমার? নিজেকে অসহায়ের মত প্রণতির হাতে সঁপে দিয়ে বিরক্ত আশালতা অপেক্ষা করেন, কখন এই স্নান-পর্ব শেষ হয়। স্নানের পর অবশ্য তাকে বেশ তরতাজা দেখায়।  
পুত্রবধূ সুনন্দা দিনে রাতে অনেকবার এ ঘরে আসে। সকালে চোখ মুখ ধুয়ে মুছিয়ে দেয়। বসে চামচে করে চা খাওয়ায়। গ্লাসে করে একটু একটু দুধ ঢেলে দেয় গলায়। যত্ন করে তিন-বেলার খাবার খাইয়ে দেয়। সন্ধ্যার পর মশারী খাটিয়ে দেয়। কাজের কথা বলে, কিন্তু গল্প গাছার তার সময় হয় না। আশালতার দেখভাল ছাড়াও এ ঘরে ওর নানা কাজ থাকে। কখনও বাক্স-আলমারি খোলে, কিছু বের করে অথবা কিছু ঢুকিয়ে রাখে। আশালতা ঘাড় কাত করে ওর চলা ফেরা দেখেন। কাজ শেষ করে আশালতার চেয়ে থাকা চোখের ওপর দিয়ে সুনন্দা চলে  যায়।    
সকালে ছেলে অফিসে আর নাতি স্কুলে চলে গেলে এ বাড়ি ভীষণ চুপচাপ। একা হাতে বাকী রান্নাবান্নার কাজ সারে সুনন্দা। টুকিটাকি অনেক কাজ থাকে তার। তারপর স্নান সেরে বেলা দেড়টা নাগাদ বেরিয়ে যায় ছেলেকে স্কুল থেকে আনতে। ফিরে আসার পর কচি গলার কলকল কথায় বাড়িটা অল্প সময় প্রাণ পায়। আশালতা কান পেতে রাখেন, যদি একটা দুটো শব্দ বোঝা যায়। খাওয়া দাওয়া সেরে দীপ্ত ঘুমিয়ে পড়ে। সুনন্দার তখন একটুকরো অবকাশ। সে তখন টিভি চালায়। টিভি চালিয়ে কখনও ঘুমিয়েও পড়ে। টিভির পর্দায় হাসি কান্নার এতে বিরাম ঘটে না। এভাবেই বিকেল কাটে, সন্ধ্যা হয়। সন্ধ্যায় নিয়ম করে সন্ধ্যা-বাতি দেয় সুনন্দা। সে জোকার দিয়ে উঠলেই আশালতা দুটো হাত এনে কপালে ঠেকান। রাত সাড়ে সাতটা নাগাদ তার ছেলে ফেরে। টুকটাক কথা শোনা যায়। ছেলের গলা, বউয়ের গলা, নাতির কলকলানি থেকে একটি সুখী সুখী চিত্রনাট্য তৈরি হয়। প্রতিটি উচ্চারণ থেকে আলো ছড়ায়, উত্তাপ ছড়ায়। উচ্ছলতা ছড়ায়। পাশের ঘরে শুয়ে থেকে আশালতা এই চিত্রনাট্যে নিজেকে খুঁজতে থাকেন। মাঝে মাঝে কোনও আত্মীয় স্বজন, বা ছেলের বন্ধুদের কেউ আশালতার সঙ্গে দেখা করতে চায়। ওরা তাকে এ ঘরে নিয়ে আসে। পায়ের শব্দে চোখ খুলে তাকান আশালতা। মাসীমা কেমন আছইন? ছেলে কিম্বা বউমা কেউ মশারিটা তুলে ধরে। চোখ ছোট করে কিছুক্ষণ তাকিয়ে মানুষটিকে চেনার চেষ্টা করেন আশালতা। তারপর গলায় স্বর ফুটলে স্পষ্ট করে বলেন, ভালা আছি। নইলে মাথা নেড়ে বোঝান, ভাল। কখনও শুধু কোঁচকানো চোখে তাকিয়ে থাকেন অনেকক্ষণ।
সুনন্দার মত দিবাকরও মাঝে মাঝে তার নিজের কাজে এ ঘরে আসে। আলমারি খুলে ফাইল পত্র বের করে। দিবাকরের পায়ের শব্দে চোখ খোলেন আশালতা। পুত্রের প্রতিটি নড়া চড়াকে দৃষ্টি দিয়ে লাগাতার অনুসরণ করেন। কখনও দিবাকরের চোখে পড়ে সেই তাকিয়া থাকা। সময় থাকে না একটু বসার। হয়তো কাউকে বসিয়ে রেখে এসেছে, বা কোনও জরুরী কাজ সারতে হবে। অথবা অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ ওভার, মিস করা যাবে না। হঠাৎ কোনও দিন, যদি সময়ের হিসেব মিলে যায়, দিবাকর এসে আশালতার পাশে বসে। মশারিটা উঠিয়ে দেয়। গলার স্বর একটু বাড়তি তরল করে দিয়ে, অনেক দিনের জমে থাকা ঘাটতি একসঙ্গে পুরিয়ে দেবার মত বাড়তি অন্তরঙ্গতায় কথা বলে। কিতা বুড়ী। কিতা কর। ছেলের এ জাতীয় বাক্যালাপে আশালতা আনন্দ পান। তার চোখে মুখে কৌতুক ফোটে। একটা ভালোলাগা ছড়ায় মুখে।  কোঁচকানো চোখে অনেকক্ষণ ছেলের দিকে তাকিয়ে থাকেন। কখনও দিবাকর বলে, বুড়ি আর কয়দিন আছো আমরার বাড়ি? এই প্রশ্নেও মজা পান আশালতা। মুখের প্রশান্ত ভাব বজায় রেখে ডান হাত সামান্য উঠিয়ে হাত-ঘুরানো মুদ্রায় বুঝিয়ে দেন, জবাব জানা নেই। দিবাকর বলে, মরবার সময় আইলে, তিন দিন আগে আমারে কইবায়। আগে না কইয়া মরবায় না। বুঝছ? ঘাড় কাত করে সম্মতি জানান আশালতা। ভালোলাগায় আপ্লুত হন তিনি। কিন্তু ছেলের হাতে সময় বেশী থাকে না। মশারি নামিয়ে দিয়ে চলে যায়। বলে যায়, ঘুমাই থাকো অখন। আশালতা মাথা নাড়েন, হ্যাঁ।
          অনেক দিন পর আজ রোদ উঠেছে। সুনন্দার তাই অনেক ব্যস্ততা। যত ভেজা কাপড় জমেছে এ ক’দিনে, সব শুকিয়ে নিতে হবে। আকাশের কোনও ভরসা নেই। একটু আগে রোদের মধ্যেই তড়বড়িয়ে বৃষ্টি পড়ছিল। বৃষ্টির ধারায় রোদ পড়ে রুপোর জরির মত ঝলমল করছিল চার দিক। গত কয়েকদিন ধরে ঘরের ভেতর চারদিকে দড়ি টাঙিয়ে ভেজা কাপড় শুকোনো হচ্ছিল। চলতে ফিরতে গায়ে লাগত। কেমন চাপা দুর্গন্ধ ভাসত ঘরের মধ্যে। আজ সব জানালা খুলে দিয়েছে সুনন্দা। একটু রোদ, একটু হাওয়া ঢুকুক, ভ্যাপসা গন্ধ কাটুক। আশালতার জ্বরটা সামান্য কমেছে দেখে আশ্বস্ত হয়ে সে চলে গেল নিজের কাজে। আশালতা শুয়েই থাকলেন।   
একটু পরেই প্রণতি এসে গেল।  
          গা হাত পা ভালো করে উম-গরম জলে মুছিয়ে দিয়ে আশালতাকে ভাল জামা কাপড় পরিয়ে দিয়েছে প্রণতি। তারপর সুনন্দাকে ডেকে বলল, ও বউদি, মাসীমারে আইজ বারিন্দাত নিতায় নি? মাঝে মাঝে আশালতাকে ওরা ধরে ধরে বারান্দায় নিয়ে গিয়ে বেতের চেয়ারে বসিয়ে রাখে। এতে মনটা ভাল হয় আশালতার। সুনন্দা ঘরে ঢুকল, বলল, নিতাম তো, কিন্তু শরীরর যে অবস্থা, পরে নি আনতাম পারমু। প্রণতি বলে, ঠিক আছে, আমি ফিরার সময় একবার মুখইর দিমু নে। প্রণতি আরও দুটো বাড়ির কাজ সেরে এ পথেই বাড়ি ফেরে। তে আইচ্চা, ধর। দুজনে মিলে আশালতাকে আস্তে আস্তে হাঁটিয়ে নিয়ে আসে বারান্দায়। বেতের চেয়ারে ভাল করে কুশন ঠেস দিয়ে জুত করে বসিয়ে দেয়। অনেক দিন পর আশালতার মনটা খুব উৎফুল্ল আজ। বেশ দেখতে পাচ্ছেন সামনের রাস্তা দিয়ে লোক আসছে যাচ্ছে। উঠানের গাছ পালা গুলো দেখলেন, নারকেল গাছ, সুপুরি গাছ। বৃষ্টির জল জমে আছে উঠানের এখানে ওখানে। সব চোখে পড়ল। সত্যি মন ভাল হয়ে গেছে আশালতার। প্রণতি চলে গেল। সুনন্দাও ব্যস্ত হয়ে পড়ল নিজের কাজে। আশালতা বসে রইলেন। বসে বসে একসময় ঝিমুনি এসে গিয়েছিল। তন্দ্রার মধ্যেই শুনলেন, কে যেন ডাকল, মাসীমা ভালা নি গো?
          আশালতা কষ্টে চোখ খুললেন। ঘুমের চটকা কাটিয়ে অনেকক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থেকে চেহারা আর কণ্ঠস্বর মেলাতে মেলাতে মনে পড়ল, এ তো গন্ধরাজ! কত দিন পরে এল। অয় বা, ভালা আছি। তুমি ভালা নি। বউত দিন পরে দেখলাম। আও না নি ইবায়। মাঝে মাঝে আইও। ওউ দেখ চাইন, টাট্টির বেড়া ইখান কাইত অই রইছে। আমার পুয়ারে কত কই, গন্ধরাজরে একটা খবর দে। তারা ইতা হুনাত নায়। দেখো চাইন, পারলে ওখানতা একটু ঠিক করিয়া দিয়া যাও। বউ কই গেলায় গো, গন্ধরাজরে একটু চা দিও। গন্ধরাজ, চা খাইয়া যাইও।
          গন্ধরাজ দেখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আশালতা। সে-ও তার হাসি হাসি মুখখানা নিয়ে তাকিয়ে থাকে আশালতার দিকে। আশালতার চোখ মুখ দেখে বুঝতে পারে, চিনতে পেরেছেন। নিজেই বলতে থাকে, বড় মনে টানের গো কয়দিন ধরি। আইজ দিন দিছে তে মনো করলাম যাই, একবার মাসীমারে দেখিয়া আই। আখতা কুন দিন যাইবায়গি, তেউ আর দেখতাম নায়। কথা শেষ করে আশালতার দিকে তাকিয়ে ছিল গন্ধরাজ। আশালতার চোখে ভাষা ফুটেছে, ঠোঁট দুটোও একটু ফাঁক হয়েছে, সামান্য কাঁপছে। কিছু বুঝি বলবেন আশালতা। মনে হচ্ছে যেন অনেক কিছু বলতে চান। কিন্তু কাঁপা কাঁপা ঠোঁটে কোনও বাক্য স্ফুরিত হয় না। আবেগ-রুদ্ধ গলায় শুধু ঘড়ঘড় শব্দ ওঠে। বারান্দার মেঝেতে বসেছে গন্ধরাজ। আশালতার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে এক সময় দৃষ্টি ফিরিয়ে নিল। তারপর উঠে পড়ল। হাসি লটকানো মুখখানা নিয়ে এগিয়ে গেল উঠানের দিকে। বউদি কই, ভালা আছইন নি? ভেতর থেকে সুনন্দা তার ডাক শুনতে পায়। বেরিয়ে এসে বলে, গন্ধরাজ নি, ভালা আছো নি। গন্ধরাজ বলে, অয়, ভালাউ আছি। এর পরের কথাটা সুনন্দা বলতে গিয়েও নিজেকে থামিয়ে দিল। বলল না, বইও গন্ধরাজ। চা খাইয়া যাইও। এখন তার ব্যস্ততার শেষ নেই। এখন আবার আলাদা করে গন্ধরাজের জন্য রান্নাঘরে গিয়ে চা বসাতে পারবে না। গন্ধরাজ বসে না। এমনি এদিক ওদিক হাঁটে। নিজের অভ্যাসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, কোথায় কী মেরামতির দরকার আছে। সে আজ কাজ করতে আসে নি। হাত-দা খানাও সঙ্গে আনে নি। তবু সুপুরি গাছের নীচে পড়ে থাকা ভেজা সুপুরির ছইগুলো একপাশে সরিয়ে রাখে। কাঁঠাল গাছের নিচে পাতা পড়ে পড়ে কাদা মেখে জঞ্জাল হয়ে আছে, একটা ঝাড়ু খুঁজে এনে সেগুলো এক জায়গায় জড়ো করে। তারপর সামনের বারান্দায় এসে আশালতার দিকে তাকায়। আশালতা তখন চোখ বন্ধ করে মাথা এলিয়ে দিয়েছেন এক পাশে।
          স্নান টান সেরে সুনন্দা যখন সামনের বারন্দায় এল, গন্ধরাজকে দেখতে পেল না। মনটা একটু খচখচ করল। এখন এক কাপ চা দিতে পারত সুনন্দা। পুরনো লোক। এইটুকু খাতির সে পায় এ বাড়িতে। এবার আশালতার দিকে দৃষ্টি ফেরায় সুনন্দা। ঘুমোচ্ছেন। এভাবে ঘুমোলে ঘাড়ে ব্যথা হবে। সুনন্দা তাই আস্তে আস্তে ডাকে, মা, উঠইন। বিছ্‌নাত  চলইন। ভাত দিমু, খাইয়া ঘুমাই থাকবা। ঘোর লাগা চোখে তাকালেন আশালতা। সুনন্দাকে চিনতে পেরেছেন বলে মনে হল না। একটা দুর্গন্ধ নাকে লাগতে সুনন্দার সন্দেহ হল। নাক দিয়ে জোরে শ্বাস নিতে গিয়ে বুঝতে পারল, কি কাণ্ডটা ঘটে গেছে। মাথায় আগুন জ্বলে উঠল তার। এখন,  এই অবেলায় এই সব নোংরা সাফ করতে হবে? প্রণতি বলেছিল আসবে। সেও কি এখন আবার নোংরা ঘাটতে রাজী হবে? নিজেকেই দোষ দেয় সুনন্দা। মরতে কেন আজ উনাকে ভাল কাপড় পরিয়ে বারান্দায় এনে বসিয়েছিল! এর পর বেশ কিছুক্ষণ চলল নিজের ভাগ্যকে গালাগাল। সমস্ত ঝামেলা তার ঘাড়ে ফেলে ছেলে দিব্যি অফিস করছে। কোন পাপ করে সে এসেছিল এই সংসারে। অর্দ্ধচেতন অবস্থায় আশালতা বুঝতে পারেন, উনি গোলমাল করে ফেলেছেন। মরমে মরে থেকে সব বাক্যবাণ হজম করেন। একটু পরে নিজের কথা রাখতে প্রণতি আসে। আশালতার দায়িত্ব নেয়। সুনন্দার রাগারাগি দেখে বলে, আইচ্চা গো বউদি, আর গাইল্লাইও না, বুড়া মানুষ। আশালতাকে পরিচ্ছন্ন করে বিছানায় শুইয়ে দেয় প্রণতি। গা ঘিন ঘিন করছিল বলে সুনন্দা আবার স্নানে যায়। ফিরে এসে রাগে গজগজ করতে করতে থালায় খাবার বেড়ে এনে আশালতাকে বলে, নেইন, খাইয়া আমারে উদ্ধার করইন। আশালতা তখন চোখ খুলতে পারছেন না। জ্বরে গা পুড়ে যাচ্ছে তার। অথচ সুনন্দাকে বেরোতেই হবে। দীপ্তর ফেরার সময় হয়ে গেছে। আবারও মনটা খচ খচ করে তার। হাল্কা সাজ করে দরজা খুলে বেরোয়।
*        *        *
          রাতে দিবাকর বাড়ি ফেরার পর সুনন্দা তার সমস্ত অভিযোগ, উষ্মা, হতাশা উজাড় করে দিল দিবাকরের উপর। আর সম্ভব নয় একজন বৃদ্ধাকে এভাবে দিনরাত টানা। এক অসুস্থ শাশুড়িকে সামলাতে বছরের পর বছর তার কোথাও যাওয়া হয় না। বসে আছে এখানে নোংরা ঘাটার জন্য। দিবাকর যেন দিনরাতের জন্য লোক রাখে। আর নইলে নিজে অফিস কামাই করে এসে মা-র সেবা যত্ন করুক। দিদিরা সব দূর থেকে উপদেশ দেবে শুধু। হাত লাগানোর জন্যে কেউ নেই। চুপচাপ সব শুনল দিবাকর। মা-র বকাবকি শুনে ছেলে দীপ্ত এসে দরজায় দাঁড়িয়েছে। দিবাকর অফিসের পোশাক পাল্টে মা-র ঘরে গেল। পেছন পেছন এসেও দীপ্ত দরজায় আটকে রইল। মশারি খাটানো রয়েছে। কম আলোর একটা সি এফ এল জ্বলছে ঘরে। দিবাকরের খেয়াল হল, বেশ ক’দিন এ ঘরে আসা হয় নি তার। বিছানাপত্র থেকে কেমন একটা কটু গন্ধ বেরোচ্ছে। দিবাকর মশারি উঠিয়ে আশালতার কপালে হাত রাখে। গা বেশ গরম। সুনন্দাকে জিজ্ঞেস করে, ওষুধ দিয়েছ কিছু? যেটা চলছিল সেটাই দিয়েছি। সুনন্দা জানায়। দিবাকরের হাতের স্পর্শে চোখ খুলেও বেশীক্ষণ তাকাতে পারলেন না আশালতা। চোখ বন্ধ হয়ে গেল। দিবাকরের খুব অসহায় লাগে। সুনন্দার অভিযোগ নিয়ে কিছু বলার নেই। কারই বা ভাল লাগে এই রকম একজন রোগী ঘাটতে। কিন্তু সারাক্ষণের লোক রাখার খরচের দিক বাদ দিলেও, সেই বাড়তি লোকটি কি খাবে, কোথায় শোবে, এসব ঝামেলার দিকও আছে। চট করে এমন সিদ্ধান্ত নেওয়া যায় না। দিবাকর হাত বাড়িয়ে আশালতার হাতখানা ছুঁলো। জলের বোতল থেকে একটু জল হাতে নিয়ে আলতো করে কপাল ভিজিয়ে দিল। আশালতা আবার চোখ খোলেন। তারপর দিবাকরের দিকে ক্লান্ত চোখে তাকিয়ে থাকেন। আশালতাকে তাকাতে দেখে দিবাকর জিজ্ঞেস করে, কিতা গো। আবার জ্বর উঠিগেছে নি? আশালতার কথা ভাল বোঝা যাচ্ছে না। গলায় কফ ঘড়ঘড় করছে। দিবাকর আবার জিজ্ঞেস করে, কিতা কও? আশালতা আরেকবারের চেষ্টায় একটু স্পষ্ট করে বললেন, গন্ধরাজ! দিবাকর সুনন্দার দিকে তাকায়। গন্ধরাজ আইছিল নি? আইছিল দুপরে। দিবাকর জিজ্ঞেস করে, কিতা অইছে গন্ধরাজর? এবার অনেকটাই স্পষ্ট উচ্চারণে আশালতা থেমে থেমে বলেন, গন্ধরাজরে, একটু চা দেও। আশালতার চোখের দিকে তাকিয়ে দিবাকর বলে, আইচ্চা, দিব নে। তুমি ঘুমাও অখন। আশালতা সন্তুষ্ট হয়ে মাথা নাড়লেন। তারপর চোখ বন্ধ করলেন।
----------------- 
(সেবা, করিমগঞ্জ, মে ২০১৬?)